ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের খাবারে আস্ত খাসি না পাওয়াকে কেন্দ্র করে বিয়ে না করেই চলে যাওয়া সেই আলোচিত জাপানপ্রবাসী বর জোনায়েদ মিয়া নতুন করে বিয়ে করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে নতুন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
রাত ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে নতুন বিয়ের বিষয়টি নিশ্চিত করেন জোনায়েদ। পোস্টে তিনি জানান, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তার বিয়ে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে সবার কাছে তার নতুন দাম্পত্য জীবনের জন্য দোয়া চেয়েছেন তিনি।
নতুন কনে জান্নাত আক্তার আখাউড়ার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে জানা গেছে। কনের মামা তাজু সরকারের নেয়ামতপুর গ্রামের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। একই গ্রামে জোনায়েদ মিয়ার বাড়িও রয়েছে।
জোনায়েদের ছোট ভাই পারভেজ বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৬ লাখ টাকা। পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
এর আগে সোমবার (১৭ আগস্ট) আখাউড়ার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে বিয়ের অনুষ্ঠানে খাবারের আয়োজন নিয়ে মতবিরোধের জেরে জোনায়েদ বিয়ে না করেই চলে যান। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।
ঘটনার পর মঙ্গলবার সকালে নিজের ফেসবুক আইডিতে প্রথম বিয়ের কনেপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন জোনায়েদ। তার দাবি, বিয়ের অনুষ্ঠানে খাওয়া-দাওয়া শেষে কনেপক্ষ পূর্বনির্ধারিত অঙ্কের চেয়ে বেশি কাবিন দাবি করে। তার পরিবারের পক্ষ থেকে তা দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
জোনায়েদের দাবি, একপর্যায়ে তাদের বিয়ের আসর থেকে বের করে দেওয়া হয় এবং কনের জন্য নিয়ে যাওয়া মালামালও ফেরত পাঠানো হয়। পরে কনের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় তিনি কনেপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন বলেও জানান।
এ ছাড়া তাকে হুমকি দেওয়া হয়েছে এবং টাকা দিয়ে সাংবাদিকদের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে দাবি করেন জোনায়েদ।
তবে জোনায়েদের এসব অভিযোগ অস্বীকার করেছে কনেপক্ষ। তাদের দাবি, ১৪ আগস্ট উভয় পক্ষের উপস্থিতিতে লিখিত ফর্দনামায় ২ লাখ টাকা নগদ কাবিনে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানে বরের পক্ষের প্রতিনিধি মনির হোসেন স্বাক্ষরও করেছিলেন বলে দাবি তাদের।
প্রথম বিয়ে নিয়ে নানা আলোচনা ও বিতর্কের মধ্যেই মাত্র একদিনের ব্যবধানে জোনায়েদের নতুন বিয়ের খবর প্রকাশ্যে এলো। নতুন বিয়ের বিষয়টি নিশ্চিত করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট ঘিরেও শুরু হয়েছে নানা আলোচনা।