সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে তাকে অব্যাহতি দেওয়া হয়।
সংগঠনটির কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
প্রসঙ্গত, চট্টগ্রামের পটিয়ায় এক নারীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এসএম নয়নের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পটিয়ার রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে একপ্রান্তে নয়ন এবং অন্যপ্রান্তে অজ্ঞাতনামা এক তরুণীকে দেখা যায়।
ভিডিওর শুরুতে দুজনকে স্বাভাবিকভাবে ভিডিওকলে কথা বলতে দেখা গেলেও একপর্যায়ে তারা আপত্তিকর অবস্থায় জড়িয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, এসএম নয়ন দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি গত ১২ জুন তাকে সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে এসএম নয়নের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।