জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় হাসিবের সঙ্গে তার স্ত্রীও উপস্থিত ছিলেন।
রিসোর্টসূত্রে জানা গেছে, বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ৮ নভেম্বর ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবারই তার চেক আউটের কথা ছিল। তবে এর আগেই সকালে হাসিবের ওপর হামলার ঘটনা ঘটে।
রিসোর্ট ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন কালবেলা অনলাইকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দম্পতি পরিচয়ে এক নারী নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। তবে হামলার পর থেকে আত্মরক্ষায় আত্মগোপনে চলে গেছেন তিনি।’
সঙ্গে থাকা তরুণী যে হাসিবের স্ত্রী, তা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ছাত্রশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী আবু লালাও। কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
এ বিষয়ে হাসিব আল ইসলামের সঙ্গেও কথা বলার চেষ্টার করেছে কালবেলা। তবে তার মুঠোফোনটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।