ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো ধরনের অপতৎপরতা বা নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিবিপ্রধান বলেন, আইন অনুযায়ী যেসব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সেগুলো পরিচালনার সুযোগ দেওয়া হবে না। বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
শফিকুল ইসলাম বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম দায়িত্ব। ঢাকা মহানগরসহ দেশের কোথাও যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে পুলিশ সজাগ রয়েছে।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন দ্বারা নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানও চলমান রয়েছে।
এর আগে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রসঙ্গ উঠে আসে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল ইসলামকে ঘিরে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে। ওই অডিও নিয়ে তদন্তের পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে ডিবি জানায়, অডিওটির কণ্ঠ রাকিবুল ইসলামের কি না, তা পরীক্ষা করা হয়েছে।