রাজশাহী নগরীতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা ছাঁটাই ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নেসকো সূত্রে জানা গেছে, রাজশাহী নগরীর বিভিন্ন সড়ক, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে প্রচুর গাছপালা রয়েছে। এসব গাছের ডালপালা বড় হয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাছাকাছি চলে এলে ঝড়-বৃষ্টি বা অন্য কোনো কারণে তা বিদ্যুৎ লাইনে পড়ার ঝুঁকি তৈরি করে। এতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও থাকে। এ কারণে নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিয়মিতভাবে এসব ডালপালা ছাঁটাই ও রক্ষণাবেক্ষণ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১’র আওতাধীন ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পর্যায়ক্রমে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পদ্মায় ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের হাজারো মানুষ!
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না- সাগরপাড়া, কেদুর মোড়, পঞ্চবটি, শাহ মখদুম কলেজ, শেখেরচক, বোষপাড়া, মতিহার, ধরমপুর, জাহাজঘাট, মিজানের মোড়, ফুলতলা, সোরাফানের মোড়, বিনোদপুর, কাজলা, মির্জাপুর ও এর আশপাশের এলাকা।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকায় তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার বিষয়টি বিবেচনায় রেখে কাজটি দ্রুত শেষ করার চেষ্টা করা হবে বলেও জানানো হয়েছে।
নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণ কাজের সহযোগিতা করার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে নেসকো। একই সঙ্গে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আপনার শিশু হারিয়ে গেলে বা নি/খোঁ/জ হলে কী করবেন?